রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং যাত্রীরা স্বস্তিতে নিজ গন্তব্যে ফিরছেন।
মঙ্গলবার (২৬ মে) সকালে টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে। মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যাচ্ছে।
মন্ত্রী আরও জানান, যাত্রীর তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। পাশাপাশি অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতাকেও দুর্ঘটনার একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, যাত্রীদের একটি অভ্যাস আছে তারা চলন্ত গাড়িতে ওঠার চেষ্টা করে। কেউ সচেতনভাবে অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। এ সময় তিনি সড়কের বিভিন্ন স্থানে অস্থায়ী পশুর হাট বসার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। মন্ত্রীর ভাষায়, কিছু হাটে অতিরিক্ত পশু ও মানুষের ভিড়ের কারণে সড়ক পর্যন্ত চাপ ছড়িয়ে পড়ছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।
সড়ক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ঈদযাত্রা ও পশু পরিবহনদুটোই নিরাপদ রাখতে সরকার কাজ করছে। তবে দুর্ঘটনা পুরোপুরি রোধে যাত্রীদের সচেতনতা অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, কিছু যাত্রী নিজেদের জীবনের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। তবে এবার আগের যেকোনো সময়ের তুলনায় মানুষ নির্ধারিত ভাড়ায় ও তুলনামূলক স্বস্তিতে বাড়ি যাচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম