| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগ, গরুর হাটেও পানি জমে বিপর্যয়

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১৪:৩৫:২৬:অপরাহ্ন  |  ৫২৮ বার পঠিত
টানা বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগ, গরুর হাটেও পানি জমে বিপর্যয়

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর থেকে শুরু হওয়া টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান পানি জমে যাওয়ায় স্বাভাবিক চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে, এতে ঈদযাত্রা ও গরুর হাটে আসা মানুষজন চরম দুর্ভোগে পড়েন।

বৃষ্টির কারণে বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে যাত্রীদের চাপ আরও বেড়ে যায়। ঘরমুখো মানুষদের অনেকেই দীর্ঘসময় রাস্তায় আটকে থাকেন। কোথাও ছাতা মাথায়, কোথাও ভিজে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে যাত্রীদের।

একই সঙ্গে কোরবানির পশুর হাটগুলোতেও বৃষ্টির প্রভাব ভয়াবহভাবে পড়েছে। কাদা-পানি আর জলাবদ্ধতার কারণে পশু পরিবহন, রাখা ও কেনাবেচা—সবকিছুতেই চরম ভোগান্তি তৈরি হয়েছে। অনেক হাটে ক্রেতা-ব্যবসায়ীদের চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।

বিভিন্ন হাটের ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে হাটের ভেতরে পানি জমে গেছে। পশুগুলোকে দীর্ঘ সময় পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ফলে তাদের পরিচর্যা ও খাবার দেওয়াও কঠিন হয়ে পড়েছে। এতে বেচাকেনা কার্যত ব্যাহত হচ্ছে।

রাজধানীর মিরপুর কালশী রোড, মিরপুর-১০, কাজীপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা গেছে। কোথাও হাঁটুসমান পানি, কোথাও আবার ড্রেন উপচে নোংরা পানি রাস্তায় উঠে আসায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পর্যন্ত এলাকায় বসা পশুর হাটে। সেখানে হাটের প্রায় এক-চতুর্থাংশ এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে যায়, ফলে পশু ও মানুষ দুই পক্ষই দুর্ভোগে পড়ে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার এই অনিশ্চিত পরিস্থিতিতে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা ও পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪