| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ০০:৫৬:২৬:পূর্বাহ্ন  |  ৪৮৫ বার পঠিত
ঈদুল আজহায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। এ শুভক্ষণে তিনি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিয়েছে। ইসলামের এই মহিমান্বিত উৎসব কেবল আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পোস্টে তিনি আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আজহায় মহান আল্লাহ যেন সবার ত্যাগ কবুল করেন এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতিকে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা কামনা করেন।

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। আল্লাহ যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং তার অশেষ রহমত ও বরকতে মানুষের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪