| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা, ঢাকায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ১৬:২৮:৫০:অপরাহ্ন  |  ৫৩৭০৯ বার পঠিত
জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা, ঢাকায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহসহ রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাতীয় ঈদগাহকে ঘিরে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ঈদের দিন ঢাকাজুড়ে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া জাতীয় ঈদগাহসহ মহানগরীর প্রায় এক হাজার ঈদ জামাতকে কেন্দ্র করে দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন স্থানে লাখো মুসল্লির সমাগম হবে। একই সময়ে ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা ফাঁকা হয়ে পড়বে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন। এজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য মোট পাঁচটি গেট রাখা হয়েছে। এর মধ্যে চারটি পুরুষ মুসল্লিদের জন্য এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

তিনি আরও জানান, ঈদগাহ ও আশপাশের এলাকায় বিশেষ শাখার সুইপিং টিম ও সন্ত্রাসবিরোধী ইউনিটের ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি করা হবে।

সব প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশির ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। এছাড়া ঈদগাহের চারপাশে পিকেটিং ও লাইনিং ব্যবস্থা রাখা হবে।

ডিএমপি কমিশনার রাজধানীবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪