রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
বৃহস্পতিবার (২৮ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানায়, বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দামে দ্রুত ঊর্ধ্বগতি দেখা দেয়। খবর রয়টার্সের।
এর আগে হরমুজ প্রণালির কাছে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সামরিক বাহিনী ইরানের একটি সামরিক ঘাঁটি এবং চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন লক্ষ্য করে নতুন হামলা চালায়। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন।
হামলা-পাল্টা হামলার খবরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫১ ডলার বা ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৮ ডলারে পৌঁছে যায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সরাসরি জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলছে, বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা বাড়ায় বাজারে সরবরাহ ঝুঁকি তৈরি হয়েছে।
তবে এর আগে একই সপ্তাহে তেলের দাম ৫ শতাংশের বেশি কমে এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা এবং হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার প্রত্যাশায় তখন বাজারে দরপতন দেখা দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক উত্তেজনা ও সামরিক সংঘাতের কারণে তেলের বাজার এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। যেকোনো নতুন হামলা বা কূটনৈতিক অগ্রগতির খবরেই দামের বড় ধরনের ওঠানামা ঘটছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও মূল্যস্ফীতির ওপর আরও চাপ বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম