আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার নাকুরু কাউন্টির একটি মেয়েদের স্কুলের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭৯ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে কেনিয়া রেডক্রস ও স্থানীয় পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় ছাত্রীরা হোস্টেলে ঘুমিয়ে ছিল। যে ছাত্রাবাসে আগুন লাগে সেখানে প্রায় ২২০ জন শিক্ষার্থী অবস্থান করছিল।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কেনিয়ায় আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিভিন্ন স্কুলে একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিশ্লেষকদের মতে, ছাত্রাবাসে অতিরিক্ত শিক্ষার্থী রাখা এবং নিরাপত্তা নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ না করায় হতাহতের ঘটনা বাড়ছে। এবারও একই ধরনের অব্যবস্থাপনা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।