| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তির খবরেই তেলের দামে বড় পতন

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১২:২৪:৫৯:অপরাহ্ন  |  ৩৫৭২ বার পঠিত
ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তির খবরেই তেলের দামে বড় পতন

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার জোরালো আভাসে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। দুই দেশের উত্তেজনা প্রশমনের সম্ভাবনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে।

যদিও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবুও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শুক্রবার (২৯ মে) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের জুলাই ডেলিভারির দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট বা ০.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৩৬ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম ৬৩ সেন্ট বা ০.৭১ শতাংশ কমে ৮৮ দশমিক ২৭ ডলারে নেমে আসে।

অন্যদিকে বেশি লেনদেন হওয়া আগস্টের ব্রেন্ট ফিউচারস ৪৬ সেন্ট বা ০.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ২৪ ডলারে।

বিশ্লেষকদের মতে, গত এক সপ্তাহে বৈশ্বিক তেলের বাজারে চরম অস্থিরতা দেখা গেছে। এ সময়ে ব্রেন্টের দাম ৮ শতাংশেরও বেশি কমেছে। গত সপ্তাহে যেখানে তেলের দাম ১০৯ দশমিক ৪৭ ডলার পর্যন্ত উঠেছিল, সেখানে তা নেমে আসে ৮৭ দশমিক ১১ ডলারে।

মূলত যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর গুঞ্জনের কারণেই বাজারে এই বড় ওঠানামা দেখা দিচ্ছে। বিশ্বে পরিবাহিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলের যেকোনো উত্তেজনা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে বৃহস্পতিবার একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। তবে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিক অনুমোদন দেননি। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় এখনো কিছু গুরুত্বপূর্ণ জটিলতা রয়ে গেছে। বিশেষ করে ইউরেনিয়াম মজুত ও সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে মতপার্থক্য এখনো পুরোপুরি কাটেনি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশ একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

সূত্র: রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪