| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়াতে নতুন চুক্তি, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৩:৫৯:২৪:অপরাহ্ন  |  ১১৯৯৪ বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়াতে নতুন চুক্তি, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে একটি নতুন চুক্তিতে সম্মত হয়েছেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। তবে চূড়ান্ত অনুমোদন দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র জানায়, প্রস্তাবিত এই চুক্তি অনুমোদন পেলে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি পাবে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা হবে, ফলে গুরুত্বপূর্ণ এই জলপথে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

সূত্রগুলোর বরাতে জানা গেছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত স্থানান্তর এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সুযোগ তৈরির লক্ষ্যেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সরকার এই চুক্তি অনুমোদন করেন, তবে এটি দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়ার দিকে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলার মাধ্যমে সংঘাতের সূচনা হয় বলে দাবি করা হয়। এরপর টানা ৪০ দিনের সংঘাত শেষে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।

নতুন চুক্তি নিয়ে প্রথম খবর প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এখনো এই প্রস্তাবে অনুমোদন দেননি। একই সঙ্গে ইরানের কোনো সরকারি মুখপাত্রও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সরকারের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখলেও প্রস্তাবিত চুক্তির খসড়া এখনো চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন, “আমরা এখনো চূড়ান্ত অবস্থায় পৌঁছাইনি, তবে খুব কাছাকাছি আছি। আলোচনা চলমান রয়েছে।”

এদিকে, হরমুজ প্রণালিতে একটি মার্কিন পতাকাবাহী ট্যাংকার ঘিরে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনার পরই নতুন চুক্তির আলোচনা আরও গতি পেয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪