স্টাফ রিপোর্টার: ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বৃহস্পতিবার (২৮মে) দেশজুড়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন হয়েছে পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্মের বৃহৎ এই উৎসব উদযাপনের দ্বিতীয় দিন আজ (শুক্রবার)।
এদিনও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানির কার্যক্রম চলমান রয়েছে। দুই দিনের এই কোরবানি দিতে গিয়ে পশুর লাথি ও ধারালো অস্ত্রের আঘাতে আহতের ঘটনা ঘটেছে অনেক।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নিটোর (পঙ্গু) হাসপাতালের তথ্য বলছে, পশু কোরবানিসংক্রান্ত কারণে আহত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৮ জন রোগীকে চিকিৎসা দিয়েছে তারা। শুক্রবার (২৯ মে) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে আহত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের চিত্র দেখা গেছে।
নিটোর অর্থোপেডিক, স্পাইন অ্যান্ড ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-সার্জারি) ডা. নির্মল কান্তি বিশ্বাস বলেন, ঈদের আগের রাত ও প্রথম দিনে ১৪২ জন কোরবানিসংক্রান্ত আহত রোগী এসেছেন। সব রোগীর কাটিং ইনজুরি, আঘাতপ্রাপ্ত ইনজুরি। আর গত রাত ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত পশু কোরবানি দিতে গিয়ে আঘাতপ্রাপ্ত ১৮ জন রোগী আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব