স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে সৃষ্ট কোরবানির বর্জ্য অপসারণে জোরালো কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির দাবি, ঈদের দিন থেকে শুরু হওয়া বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় শুক্রবার (২৯ মে) রাত ১০টা পর্যন্ত ২২ হাজার ৮৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
তবে ঈদের প্রথম দিন রাত ৯টার মধ্যে সব কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি সিটি করপোরেশন। শুক্রবার সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। যদিও সকাল থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমে গতি বাড়ানো হলে দুপুরের মধ্যে অধিকাংশ এলাকার বর্জ্য সরানো হয়। এরপরও কিছু স্থানে কোরবানির ছাট ও রক্তমাখা পানি দেখা গেছে।
ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেন। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত সময়ে সাত হাজার ২৭৪ টন বর্জ্য মাতুয়াইল ভাগাড়ে চূড়ান্তভাবে ফেলা হয়েছে।
এদিকে শুক্রবার দুপুরে শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, দক্ষিণ সিটির আওতাধীন এলাকা থেকে শুক্রবার ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ঘোষিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় সাড়ে চার হাজার টন কম বর্জ্য অপসারণ হয়েছে।
প্রশাসক মো. আবদুস সালাম দাবি করেন, ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ সিটি এলাকায় কোরবানির পশু ও অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণে নিরবচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মাঠে থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, ঈদুল আজহার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও কোরবানির পশু ও অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারভাবে পরিচালিত হচ্ছে। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
রিপোর্টর্স২৪/বাবি