| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১০:৫৯:২৮:পূর্বাহ্ন  |  ১১২০ বার পঠিত
আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাক যুদ্ধকে ‘ভুল সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, সেখানে যুক্তরাষ্ট্রের সেনা পাঠানো উচিত হয়নি। একইসঙ্গে ইরান প্রসঙ্গেও তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সেখানে জড়ানো উচিত ছিল না।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অতীত পররাষ্ট্র ও সামরিক নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “ইরাকে কী ঘটেছে তা দেখুন। আমরা সেখানে খুব খারাপ করেছি। আমরা বোকামি করেছি। সেখানে আমাদের যাওয়া উচিত ছিল না।”

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি। তবে ইরানের সক্ষমতা রয়েছে এবং তারা দ্রুত শক্তিশালী হতে পারত।”

এ সময় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা অর্জনের পথ রোধ করেছে। ট্রাম্পের ভাষ্য, “আমরা যদি নয় মাস আগে বি-২ বোমারু বিমান ব্যবহার করে তাদের স্থাপনাগুলোতে হামলা না চালাতাম, তাহলে আজ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারত। তখন পুরো পরিস্থিতিই ভিন্ন হয়ে যেত।”

তিনি আরও বলেন, সে ক্ষেত্রে হয়তো ইসরায়েলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠত। শুধু ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাও হুমকির মুখে পড়ত। এরপর তারা কোথায় অগ্রসর হতো, সেটিও বড় প্রশ্ন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই ইরানের সামরিক বাহিনীকে পূর্ণমাত্রার আঘাতের বাইরে রেখেছিল।

তার ভাষায়, আমরা তাদের সামরিক বাহিনীকে কিছুটা আলাদা রেখেছি, কারণ আমাদের ধারণা ছিল তাদের সেনাবাহিনীর একটি অংশ তুলনামূলকভাবে মধ্যপন্থী। তবে তাদের ভেতরে এমন কিছু গোষ্ঠী ছিল, যাদের আমরা লক্ষ্যবস্তু করেছি।

তিনি বলেন, আমরা বিভিন্ন নেতৃত্বকে সরিয়ে দিয়েছি, কিন্তু ইরানের মূল সামরিক কাঠামোকে ধ্বংস করার চেষ্টা করিনি। কারণ আমরা চাইনি দেশটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ুক।

ট্রাম্পের মতে, যুদ্ধে অনেক সময় এমন ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে একটি দেশের অবকাঠামো ও রাষ্ট্রীয় কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তিনি বলেন, মানুষ হয়তো এ কথা শুনে অবাক হবে, কিন্তু যুদ্ধের সময় অনেক ক্ষেত্রেই সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। তখন একটি দেশকে পুনর্গঠন করতে ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক উপস্থিতি, ইরাক যুদ্ধ এবং ইরান নীতিকে ঘিরে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪