স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে চলমান তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকলেও রোববার (১১ মে) তাপমাত্রা সামান্য কমেছে। তবে এদিনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন শনিবার চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে জানান, দিনের তাপমাত্রা সন্ধ্যা পর্যন্ত সামান্য পরিবর্তিত হতে পারে। আগামীকাল তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (১২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে চলমান তাপপ্রবাহ দেশের কিছু কিছু এলাকায় প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও আবহাওয়াবিদরা আশা করছেন, বৃষ্টি ও মেঘের প্রভাবে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে।