বগুড়া প্রতিনিধি: প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের ‘সফল চাষি’ প্রকল্পের অগ্রগতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টায় বগুড়ার হোটেল নাজ গার্ডেনে আয়োজিত এ সেমিনারে প্রকল্পের চলমান কার্যক্রম, মাঠপর্যায়ের অগ্রগতি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে প্রকল্পের ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ফসল উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, কৃষিতে প্রযুক্তির ব্যবহার, বাজার ব্যবস্থাপনা এবং কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
লাইট হাউজ বগুড়ার আয়োজনে এবং ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত সেমিনারে প্রকল্পের দাতা সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কৃষিবিদ, গবেষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন লাইট হাউজ বগুড়ার নির্বাহী প্রধান হারুন অর রশীদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) জ্যোতি বিকাশ চন্দ্র।
সেমিনারে দাতা সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসূচি কর্মকর্তা ব্রায়ান হর্লিক-ক্রুজ, সহযোগী কর্মসূচি কর্মকর্তা সেলিয়া গুয়েটো মেলো এবং মনিটরিং, মূল্যায়ন, জবাবদিহি ও শিক্ষা বিশেষজ্ঞ ফাতিমা জাহরা এলবুহমাদি। তাঁরা প্রকল্পের অগ্রগতির প্রশংসা করেন এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল শামসুদ্দীন ফিরোজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) কারিগরি উপদেষ্টা, কৃষিবিজ্ঞানী ও গবেষক ড. একেএম জাকারিয়া, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, লাইট হাউজের জেন্ডার কমপ্লায়েন্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন, কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এবং বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান।
এ ছাড়া বক্তব্য দেন ‘সফল চাষি’ প্রকল্পের কর্মকর্তা মো. সাদিক আল হায়াত, সাংবাদিক নজরুল ইসলাম দয়া, ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট এজেডএম মাহাদি হাসান, সিংড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম আব্দুল্লাহেল কাফি। এ সময় প্রকল্পের কল সেন্টার এক্সিকিউটিভ আলমগীর রশিদ, কল সেন্টার ম্যানেজার মোছা. সালমা খাতুন ও ট্রেনিং কো-অর্ডিনেটর আব্দুল আউয়াল কাফি উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, ‘সফল চাষি’ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো এবং কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনায় উন্নয়ন ঘটাতে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তৃণমূল পর্যায়ে প্রকল্পের কার্যক্রম আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
এ সময় কৃষি উন্নয়নের পাশাপাশি নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তার বিষয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, তৃণমূল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসব সামাজিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে লাইট হাউজের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/রাফিদ