স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।
ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত গত ২৪ মে অভিযোগপত্র আমলে নিয়ে এ শুনানির জন্য ১ জুন তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠন হলে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হবে এবং সাক্ষ্যগ্রহণসহ পরবর্তী কার্যক্রম এগিয়ে যাবে।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠান।
অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে। তদন্তে প্রাপ্ত ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর স্বপ্না আক্তারকে প্রথমে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি