স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) খুলছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। দীর্ঘ ছুটি শেষে কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপও বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। রোববার থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা গেছে।
তবে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য কিছুটা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ে সময় কাটাবেন।
এ বছর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয় ২৮ মে। ঈদ উপলক্ষে সরকার আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেন।
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এ ছুটির সুবিধা পান। তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস করতে হয়েছে সরকারি কর্মচারীদের।
ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ছিল ঈদুল আজহার সাধারণ ছুটি। এর আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
তবে জরুরি সেবাখাতের কর্মীরা এই ছুটির আওতার বাইরে ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ, ডাকসেবা এবং সংশ্লিষ্ট পরিবহনসেবার কর্মীরা দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মচারী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং জরুরি সরকারি কার্যক্রম পরিচালনাকারী অফিসগুলোও ছুটির আওতার বাইরে ছিল।
রিপোর্টার্স২৪/বাবি