| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক পরিচয়ের কারণে কোরবানির মাংস থেকেও বঞ্চিত বর্ষা

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ০৯:৩৬:৫৭:পূর্বাহ্ন  |  ১৩৬৫৬ বার পঠিত
রাজনৈতিক পরিচয়ের কারণে কোরবানির মাংস থেকেও বঞ্চিত বর্ষা

স্টাফ রিপোর্টার: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক বছর আগে হামলার শিকার হলেও এখনো বিচার পাননি বলে অভিযোগ করেছেন জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম (বর্ষা)। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কারণে কোরবানির ঈদে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

রোববার (৩১ মে) দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এসব অভিযোগ করেন বৈশাখী ইসলাম বর্ষা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের ৩১ মে ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় স্থানীয় এক ব্যক্তি বাদল ও বিএনপির এক নেতার নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। কিন্তু ঘটনার এক বছর পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি হয়নি।

কান্নাজড়িত কণ্ঠে বর্ষা বলেন, একসময় ছাত্রদলের কিছু নেতাকর্মী সরাসরি ইভটিজিং ও হামলার সঙ্গে জড়িত ছিলেন। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি ও সাইবার বুলিংয়ের মাধ্যমে একই ধরনের আচরণ করা হচ্ছে। পার্থক্য শুধু মাধ্যমের।

তিনি জানান, বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিরোধী রাজনৈতিক মতাদর্শের অনুসারী হওয়ায় তাকে এবং তার পরিবারকে সামাজিকভাবে একঘরে করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বর্ষার দাবি, চলতি কোরবানির ঈদে আর্থিক অসচ্ছলতার কারণে তাদের পরিবার পশু কোরবানি দিতে পারেনি। স্থানীয় রীতি অনুযায়ী প্রতিবেশীদের কাছ থেকে কোরবানির মাংস পাওয়ার আশা থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের পরিবারকে কেউ মাংস দেয়নি।

তিনি বলেন, শুধু আমাদের পরিবার নয়, যেসব আত্মীয়-স্বজন আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন বা খোঁজখবর নেন, তাদের অনেককেও কোরবানির মাংসের ভাগ থেকে বঞ্চিত করা হয়েছে।

এ ছাড়া এলাকায় গেলে তাকে ‘মব’ সৃষ্টি করে হামলা বা হত্যার হুমকি দেওয়া হতে পারে বলে বিভিন্নজনের কাছ থেকে শুনেছেন বলেও দাবি করেন তিনি। পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং বাবা-মায়ের অনুরোধে ঈদের সময় নিজ গ্রামে যাননি বলে জানান বর্ষা।

তিনি বলেন, বাবা-মায়ের মুখের দিকে তাকিয়ে এলাকায় যাইনি। ফলে পরিবার নিয়ে স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করাও সম্ভব হয়নি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বৈশাখী ইসলাম বর্ষা ফরিদপুর জেলা শাখার একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

তবে বৈশাখী ইসলাম বর্ষার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪