রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদুল আজহার ছুটির পর থেকেই রাজধানী ঢাকায় অব্যাহত রয়েছে মৃদু তাপপ্রবাহ। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নগরজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এর মধ্যেও স্বস্তির কোনো বার্তা নেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। আজও ঢাকার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, ফলে গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই বললেই চলে। বরং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম আরও বাড়তে পারে।
সোমবার (১ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আকাশে মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজও দিনের তাপমাত্রা প্রায় একই অবস্থায় থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে। সকাল ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। একই সময়ে বাতাসের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া সোমবার রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। আগামী মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।
অন্যদিকে, রোববার রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
তবে দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম