| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ শেষে কর্মস্থলে ফেরার ঢল

২৪ ঘণ্টায় যমুনা সেতু পেরিয়েছে সাড়ে ৩৫ হাজার যানবাহন

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১১:১৮:১২:পূর্বাহ্ন  |  ১৩৪৯২ বার পঠিত
২৪ ঘণ্টায় যমুনা সেতু পেরিয়েছে সাড়ে ৩৫ হাজার যানবাহন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদুল আজহার ছুটি শেষ হতে না হতেই কর্মস্থলমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার হাজারো মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করায় বেড়েছে যানবাহনের চাপ। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুটি ব্যবহার করেছে ৩৫ হাজারেরও বেশি যানবাহন।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে, অর্থাৎ ঢাকামুখী লেনে পারাপার হয়েছে ২২ হাজার ৯৭১টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৮৫০ টাকা।

অন্যদিকে সেতুর পূর্ব প্রান্ত দিয়ে, অর্থাৎ উত্তরবঙ্গগামী লেনে চলাচল করেছে ১২ হাজার ৪২১টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ৮৯ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা।

দুই প্রান্তের হিসাব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৩৯২টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে সেতু থেকে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ-পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেতুর উভয় প্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যান চলাচল নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, যানবাহনের চাপ বাড়লেও বর্তমানে সেতুতে চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোথাও উল্লেখযোগ্য যানজটের সৃষ্টি হয়নি।

উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদের আগে ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও ছুটি শেষে আবার কর্মস্থলমুখী মানুষের যাত্রা শুরু হওয়ায় সেতুতে যানবাহনের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪