| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১৩:২৯:২২:অপরাহ্ন  |  ১৩১৩৮ বার পঠিত
জ্বালানি সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধি ইস্যুতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাই সরকারের একমাত্র দায়িত্ব নয়; বরং সরকারের মূল লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে সুশাসন নিশ্চিত করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।

সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বস্তির ঈদের পর জ্বালানি তেলের দাম বাড়ানো জনজীবনে অস্বস্তি তৈরি করবে কি না—এমন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকেই আমদানি নির্ভর দেশগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম সমন্বয় করছে। তবে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে দাম স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, আমরা যেহেতু আমদানি নির্ভর দেশ, তাই আমদানি সক্ষমতার ওপর ভিত্তি করেই অর্থনীতি পরিচালনা করতে হয়। সরকার দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে দাম স্থিতিশীল রাখতে।

মন্ত্রী আরও জানান, অর্থ মন্ত্রণালয় ও বিদ্যুৎ মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলায় একটি পরামর্শক কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। সরকারের নীতি নির্ধারণে ওই কমিটির সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ একজন খ্যাতিমান অর্থনীতিবিদ। তার পরামর্শ অনুযায়ী সরকার দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। তবে বর্তমান বৈশ্বিক ও আমদানি পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, সরকারকে সবসময় বাস্তব পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয়। শুধু জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করা সরকারের একমাত্র কাজ নয়; বরং দীর্ঘমেয়াদে সুশাসন ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করাই মূল দায়িত্ব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪