| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতির অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১৬:২৬:২১:অপরাহ্ন  |  ১২৯৪৮ বার পঠিত
দুর্নীতির অভিযোগে ডিএসসিসির ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ, টেন্ডার কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলাকালীন তাকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দাপ্তরিক সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়া ডিএসসিসির অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন বিপণিবিতানে দোকান বরাদ্দ, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু হয়।

জানা যায়, স্থানীয় সরকার বিভাগের একটি বিশেষ স্মারকের আলোকে ডিএসসিসির বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম, বিশেষ করে মার্কেট ব্যবস্থাপনা ও দোকান বরাদ্দ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবেই এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত গোলাম কিবরিয়াকে দায়িত্বে বহাল রাখা সমীচীন নয়। তাই তাকে সাময়িকভাবে সব প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তাকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত (অ্যাটাচড) করা হয়েছে। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে তার ভবিষ্যৎ প্রশাসনিক অবস্থান ও সুযোগ-সুবিধার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ডিএসসিসির এই পদক্ষেপের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে করপোরেশন সূত্রে জানা গেছে।

ডিএসসিসির এই সিদ্ধান্তকে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও আভাস মিলেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪