| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামী ব্যাংক নিয়ে আইন মেনেই সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১৬:৩১:২১:অপরাহ্ন  |  ১২৯৮০ বার পঠিত
ইসলামী ব্যাংক নিয়ে আইন মেনেই সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার্স২৪ ডেস্ক:  ইসলামী ব্যাংককে ঘিরে চলমান বিতর্ক ও বিক্ষোভের মধ্যেই স্পষ্ট অবস্থান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, কোনো ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত রাস্তার আন্দোলন, চাপ বা আবেগের ভিত্তিতে নয়; আইন ও বিধিবিধান মেনেই নেওয়া হবে।

সোমবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আরিফ হোসেন খান বলেন, গণতান্ত্রিক সমাজে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মত প্রকাশ, প্রতিবাদ কিংবা বিক্ষোভ করার অধিকার রয়েছে। একই সঙ্গে আইনি প্রক্রিয়ায় প্রতিকার চাওয়ার সুযোগও রয়েছে। তবে কোনো আন্দোলন বা চাপের মুখে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে না। কেন্দ্রীয় ব্যাংক সবসময় আইন, নীতিমালা এবং আর্থিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

ব্যাংক কোম্পানি আইনের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, কোনো ঋণখেলাপি ব্যক্তি ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের একজন পরিচালকের বিরুদ্ধে তিন কোটি টাকার খেলাপি ঋণের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনেও বিষয়টি উঠে এসেছে।

তিনি জানান, আইন অনুযায়ী খেলাপি অবস্থায় কেউ পরিচালক পদে থাকতে পারেন না। তাই সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী ব্যাংকের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে মুখপাত্র বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কার কারণে ব্যাংকের বোর্ড সভা সরাসরি না করে ভার্চুয়াল প্ল্যাটফর্মে (জুম) আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভবনের বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সংশ্লিষ্ট বাহিনীর হলেও ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ ব্যাংক গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবস্থান তুলে ধরে আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি জানান, দায়িত্ব পালনের সময় কোনো ব্যাংক কর্মকর্তা রাজনৈতিক চাপ বা প্রভাবের মুখে পড়লে তা সরাসরি গভর্নরকে জানাতে বলা হয়েছে। প্রয়োজন হলে গভর্নর নিজেই বিষয়টি মোকাবিলা করবেন।

ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, কোনো ব্যাংককে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা বা সেই পরিচয়ের সঙ্গে যুক্ত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তার ভাষায়, একটি ব্যাংক যদি কোনো রাজনৈতিক পরিচয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে সেটি প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব, সুশাসন এবং গ্রাহক আস্থার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।

তিনি আরও জানান, সাম্প্রতিক বিভিন্ন বিক্ষোভ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক পর্যালোচনা করছে কোনো ব্যাংক রাজনৈতিক সংকটের কেন্দ্রে পরিণত হচ্ছে কি না। বাংলাদেশ ব্যাংকের অবস্থান পরিষ্কার কোনো ব্যাংকই কোনো রাজনৈতিক দলের নয়, বরং তা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান; তাই রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে পরিচালিত হওয়াই সবচেয়ে জরুরি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪