| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১৭:৫৭:০১:অপরাহ্ন  |  ৪৫৩ বার পঠিত
সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় দুঃখপ্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (২৭ মে) ছয় নবজাতকের মৃত্যুর পর থেকে তদন্ত কমিটি ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের পরিদর্শনে হাসপাতালে এক ধরনের অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এর ফলে চিকিৎসক ও কর্মীরা তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন।

শনিবারের ঘটনার বর্ণনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে একদল সাংবাদিক ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।

হাসপাতালের দাবি, এক সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে অবমাননাকর শব্দ ব্যবহার করলে কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন কর্তৃপক্ষ উল্লেখ করে যে, তারা সর্বদা গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কোনো সাংবাদিক আঘাত পেয়ে থাকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (৩১ মে) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সংবাদ সম্মেলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট স্থাপনা দীর্ঘ সময় ধরে পরিদর্শন করা হয়েছে। এ সময় কয়েকটি গুরুত্বপূর্ণ অনিয়ম ধরা পড়ে।

তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাংক ছাড়া অন্যান্য ওয়ার্ডে ব্যবহৃত রেফ্রিজারেটরগুলোতে প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ বা মনিটরিং মিটার পাওয়া যায়নি। শুধুমাত্র কিছু চেম্বারে মিটার ছিল।

চিকিৎসা প্রতিষ্ঠানে ওষুধ, খাদ্য ও বিভিন্ন সংবেদনশীল উপকরণ সংরক্ষণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ম্যাজিস্ট্রেট আরও জানান, হাসপাতালের কয়েকটি অংশে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখা গেছে। এছাড়া খাদ্যসামগ্রী সংরক্ষণের একটি স্থানে পণ্যের লেবেলিংয়ে ত্রুটি এবং পরিবেশগত মানের ঘাটতি পাওয়া যায়।

তিনি বলেন, নিরাপদ খাদ্য আইনানুযায়ী দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

বুধবার আদ্-দ্বীন হাসপাতালের ডেলিভারি-পরবর্তী (পোস্ট-অপারেটিভ) ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যু দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে। ঘটনার পর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে হাসপাতালের পোস্ট-অপারেটিভ কক্ষের পরিবেশ ও অবকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কক্ষটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকার বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অন্যদিকে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পুলিশও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ, দায়-দায়িত্ব এবং সম্ভাব্য অবহেলার বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে নবজাতকদের একজনের বাবা রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে শিশুদের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা অভিযোগ, চলমান তদন্ত এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়া অনিয়ম, সব মিলিয়ে আদ্-দ্বীন হাসপাতাল এখন জনমত ও প্রশাসনিক নজরদারিতে রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪