| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে বোমা হামলার নির্দেশ নেতানিয়াহুর

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ২০:০৭:৫৭:অপরাহ্ন  |  ৩২৬ বার পঠিত
লেবাননে বোমা হামলার নির্দেশ নেতানিয়াহুর

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ১৭ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পর এটিকে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (১ জুন) এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, হিজবুল্লাহর ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে বৈরুতের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও এপ্রিলের যুদ্ধবিরতির পর পূর্ণমাত্রায় সংঘাত বন্ধ হয়নি, তবুও বৈরুতকে সরাসরি হামলার বাইরে রাখা হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে সাম্প্রতিক এই সিদ্ধান্ত সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে।

নেতানিয়াহুর ঘোষণার পরপরই বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের ব্যাপকভাবে এলাকা ছাড়তে দেখা যায়। প্রধান সড়কগুলো যানবাহনে ভরে যায়। গত কয়েক মাসে একাধিকবার বাস্তুচ্যুত হওয়া স্থানীয়দের জন্য এটি নতুন কোনো অভিজ্ঞতা নয়।

লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলার কারণে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় নিয়মিত বিমান হামলার পাশাপাশি বহু শহর ও গ্রামে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী।

এর আগে রোববার দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ দখলের ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের পর এটিই দেশটির সবচেয়ে গভীর স্থল অগ্রগতি বলে দাবি করা হচ্ছে।

দুর্গ দখলের পর নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আমাদের উপস্থিতি আরও গভীর ও বিস্তৃত করার নির্দেশ দিয়েছি। আমরা আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ, দৃঢ়প্রতিজ্ঞ এবং শক্তিশালী।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা বিউফোর্ট দুর্গের আশপাশে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। সংগঠনটির ঘনিষ্ঠ লেবাননি আইনপ্রণেতা হাসান ফাদলাল্লাহ পরিস্থিতির জন্য লেবানন সরকারকে দায়ী করে বলেন, সরাসরি আলোচনার পথ ব্যর্থ প্রমাণিত হয়েছে।

ইসরায়েলের নতুন সামরিক অভিযানের সমালোচনা করেছে ইউরোপের কয়েকটি দেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ দক্ষিণ লেবাননে চলমান সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এই মাত্রার সামরিক বিস্তারের কোনো যৌক্তিকতা নেই।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এ বিষয়ে জরুরি বৈঠক আহ্বানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে যুক্তরাজ্য ও জার্মানিও ইসরায়েলের নতুন অভিযানের সমালোচনা করেছে।

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা প্রচেষ্টাকেও জটিল করে তুলতে পারে। তেহরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, লেবাননে যুদ্ধ বন্ধ না হলে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধবিরতি বা নতুন কোনো চুক্তি সম্ভব নয়। সূত্র : দ্য গার্ডিয়ান

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪