| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে সিসি ক্যামেরায় ধরা পড়ল ছিনতাইয়ের ঘটনা, মামলা নেয়নি পুলিশ

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ২০:২৪:৪৫:অপরাহ্ন  |  ২৭৯ বার পঠিত
মোহাম্মদপুরে সিসি ক্যামেরায় ধরা পড়ল ছিনতাইয়ের ঘটনা, মামলা নেয়নি পুলিশ

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে দুই নারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুরো ঘটনাটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ হলেও এখন পর্যন্ত পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মোহাম্মদপুরের নুরজাহান রোডের এমসি গলিতে সোমবার (১ জুন) ভোরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তুনাত জিনা মাহজেবিন সোমবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তুনাত জিনা মাহজেবিন ও তার ছোট বোন আশরাফা তাজনিন পুতুল ঠাকুরগাঁও থেকে রাতের বাসে ঢাকায় এসে শ্যামলীতে নামেন। সেখান থেকে রিকশায় করে তারা মোহাম্মদপুরের নুরজাহান রোডের এমসি গলির বাসার সামনে পৌঁছান।

বাসার গেটের সামনে পৌঁছানোর পর একটি পিকআপভ্যানে করে আসা তিন ব্যক্তি রিকশাচালকের কাছে ৬ নম্বর সড়ক কোন দিকে জানতে চান। রিকশাচালক দেখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা গাড়ি থেকে নেমে আসেন। পরে চাপাতি দেখিয়ে দুই বোনকে ভয়ভীতি প্রদর্শন করে তাদের সঙ্গে থাকা লাগেজ ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীদের দাবি, ছিনিয়ে নেওয়া লাগেজে একটি মোবাইল ফোন, প্রায় এক ভরি স্বর্ণালংকার, নগদ দুই হাজার টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। ঘটনার পর ছিনতাইকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনার পুরো দৃশ্য সিসি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে ভিডিও ফুটেজ থাকার পরও পুলিশ এখন পর্যন্ত কোনো মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ তাদের।

তুনাত জিনা মাহজেবিন বলেন, ঘটনার পর আমরা মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এখনও মামলা নেয়নি পুলিশ।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে মামলা গ্রহণ কিংবা অভিযুক্তদের গ্রেপ্তারের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪