রিপোর্টার্স২৪ ডেস্ক: ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করতে দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বড় ধরনের নির্দেশনা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে ডেঙ্গু পরীক্ষার খরচে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় এবং চিকিৎসকের পরামর্শ ফি (ভিজিট) সম্পূর্ণভাবে মওকুফ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক’ উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, প্যাথলজি ল্যাব, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বেসরকারি হাসপাতালে মোট শয্যার অন্তত ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার ফি সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত কমাতে হবে।
এছাড়া হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ফি নেওয়া যাবে না। রোগীদের শুধু ওষুধ ও খাবারের খরচ বহন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, ডেঙ্গু চিকিৎসায় অপ্রয়োজনীয় বা ঝুঁকিপূর্ণ ওষুধ ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত চিকিৎসা প্রটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে।
তিনি জানান, ডেঙ্গুর কোনো অনুমোদিত বা সার্বজনীন কার্যকর ভ্যাকসিন এখনো বিশ্বব্যাপী স্বীকৃত নয়। তাই বাংলাদেশে আপাতত কোনো ডেঙ্গু টিকা কার্যক্রম চালুর পরিকল্পনা নেই।
বিশেষজ্ঞদের মতে, এবার মৌসুম শুরুর আগেই এ ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ায় রোগীদের চাপ সামাল দেওয়া এবং চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে, আগাম এই উদ্যোগ বাস্তবায়িত হলে ডেঙ্গু মৌসুমে সাধারণ মানুষের ভোগান্তি ও আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
রিপোর্টার্স২৪/ঝুম