রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি নিয়ে আবারও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে আগে নেওয়া সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হওয়ায় এ বিষয়ে পুনরায় অংশীজনদের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানান তিনি।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি অংশীজনদের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হয়েছিল। তবে রমজান বিবেচনায় পরীক্ষার সময় এগিয়ে আনার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রয়োজনে আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে। আমরা চাই সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হোক।
তিনি জানান, বর্তমানে যে সূচি নির্ধারণ করা হয়েছে, সেখানে পরীক্ষাগুলো রমজান বিবেচনায় এক মাস এগিয়ে আনা হয়েছে। তবে শুরুতে পরিকল্পনা ছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের।
তিনি বলেন, এখন আবার অনেকে বলছেন রমজানের পর পরীক্ষা শেষ করা উচিত। তাই আমরা বিষয়টি আবারও আলোচনায় নিতে পারি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা কার্যক্রম ও কারিকুলাম বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হবে যাতে শিক্ষার্থীদের সিলেবাস যথাযথভাবে সম্পন্ন হয়।
তিনি জোর দিয়ে বলেন, শুধু সময়সূচি নয়, পরীক্ষার সঙ্গে শিক্ষার্থীদের প্রস্তুতি, সিলেবাস এবং বাস্তবতা সবকিছুই বিবেচনায় রাখতে হবে। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী দিনে অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম