| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৬:১১:৪৮:অপরাহ্ন  |  ৪১৩ বার পঠিত
রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে নরওয়ের আরও কার্যকর ভূমিকা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘমেয়াদে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও শক্ত ভূমিকা নিতে হবে। বিশেষ করে নরওয়ের মতো উন্নয়ন সহযোগী দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ এ সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন সহযোগিতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরিবেশ ছিল সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক।

মন্ত্রী নরওয়েকে বাংলাদেশের স্বাধীনতার পরপরই স্বীকৃতি প্রদান এবং দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন।

রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং জানান, নরওয়ে এখন উন্নয়ন সহযোগিতার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বেশি গুরুত্ব দিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, আইটি সেবা, পাটজাত পণ্য ও হস্তশিল্প খাতে নরওয়েতে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ ও প্যাকেজিং শিল্পে নরওয়ের বিনিয়োগ আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নরওয়ের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। তাই গ্রিন ক্লাইমেট ফান্ড ও নরফান্ডের মাধ্যমে পরিবেশবান্ধব প্রকল্পে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন ও বৃত্তিমূলক প্রশিক্ষণে দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো গেলে দক্ষ মানবসম্পদ উন্নয়ন সম্ভব হবে। নরওয়েতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি আরও সম্প্রসারণের আহ্বানও জানান তিনি।

বৈঠকে নরওয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করা হয়, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলে উল্লেখ করা হয়।

নরওয়ের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, আন্তর্জাতিক ফোরামসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে নরওয়ে মানবিক অবস্থান বজায় রাখবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪