| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই-এক মাসের মধ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন আনা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৬ ইং | ১৮:৪০:০৪:অপরাহ্ন  |  ৫২৪ বার পঠিত
দুই-এক মাসের মধ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন আনা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটিকালে সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন হয়েছে এবং রাজধানী ঢাকার যানজট নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় আরও বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হবে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া কয়েকটি ঘটনা নিয়ে উদ্বেগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

তিনি অভিযোগ করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে। 

ঈদকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমাদের ধারণা, নিরাপদভাবেই ঈদ উদযাপন করা গেছে। জনগণও এর প্রশংসা করেছে। একইসঙ্গে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে যানজট কিছুটা হলেও কমেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ও এআইভিত্তিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এর ফলে যান চলাচলে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। 

তিনি বলেন, আমরা ধাপে ধাপে সব গুরুত্বপূর্ণ মোড়ে অটোমেটেড ট্রাফিক সিস্টেম চালুর পরিকল্পনা নিয়েছি। এখন পর্যন্ত যে অংশ চালু হয়েছে, তার সুফল জনগণ পাচ্ছে। 

এই উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রী, পুলিশ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের ভূমিকার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশীয় প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করেই এই ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা কেবল সিটি করপোরেশনের দায়িত্ব নয়। এ কাজে ট্রাফিক পুলিশ, সিটি করপোরেশন এবং জনসচেতনতা সবকিছুর সমন্বয় প্রয়োজন। 

তিনি বলেন, জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি ট্রাফিক আইন মেনে চলছেন। অটোমেটেড নজরদারি ও মামলা ব্যবস্থার কারণে সড়কে শৃঙ্খলা বাড়ছে।

ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম চলাচলের কারণে ট্রাফিক ব্যবস্থাপনায় সৃষ্টি হওয়া জটিলতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কয়েক বছরে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত যানবাহন সড়কে নেমেছে। এসব যানবাহনের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা জড়িত।

তিনি বলেন, পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা ছাড়া একসঙ্গে হাজার হাজার মানুষকে বেকার করে দেওয়া সম্ভব নয়। আমরা এমন একটি সমাধান খুঁজছি, যাতে তাদের কর্মসংস্থান বজায় থাকে, আবার মেট্রোপলিটন এলাকায় ট্রাফিক ব্যবস্থাও বিঘ্নিত না হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন দুই বিষয়কে সমন্বয় করেই সরকার এগোতে চায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪