স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদ সদস্যরাষ্ট্রগুলোর জন্য একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, এ অর্জন শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই গর্বের বিষয়।
মালদ্বীপের প্রেসিডেন্ট নতুন দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এর আগে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।
নির্বাচনে সদস্যরাষ্ট্রগুলোর প্রদত্ত ১৯০টি ভোটের মধ্যে তিনি ৯৯ ভোট পান। অপরদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পান ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে জয়ী হন বাংলাদেশের প্রার্থী।
আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। আর ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক।
রিপোর্টার্স২৪/বাবি