রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সামনে রেখে আসন্ন বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়েই বাজেট তৈরি করা হচ্ছে।
বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি প্রতিটি নাগরিককে মাথায় রেখে বাজেট প্রণয়ন করতে।
তিনি আরও বলেন, সরকারের ওপর বর্তমানে বড় ধরনের ঋণের বোঝা রয়েছে, যা অর্থনীতিকে চাপে ফেলেছে। তবে এই অবস্থার মধ্যেও দায়িত্বশীলভাবে বাজেট প্রণয়নের চেষ্টা চলছে।
আমরা খুবই ভঙ্গুর অবস্থার মধ্যে আছি। বিগত সরকারের অর্থনৈতিক চাপ আমাদের ওপর এসেছে। তবে এটিকে একটি নতুন শুরু হিসেবে দেখছি। সময় দিলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে, বলেন অর্থমন্ত্রী।
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতি হবে সম্পূর্ণভাবে বিনিয়োগনির্ভর। তিনি উল্লেখ করেন, অতীতে অতিরিক্ত ঋণ ও টাকা ছাপিয়ে অর্থনীতিকে চাপের মধ্যে ফেলা হয়েছে, যার ফলে বাজেটের বড় অংশ সুদ পরিশোধে ব্যয় হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা ধীরে ধীরে ঋণনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসতে চাই। পাবলিক ফাইনান্স ম্যানেজমেন্টকে আরও শক্তিশালী করা হবে, যাতে ঋণের ওপর নির্ভরতা কমে এবং বিনিয়োগ বৃদ্ধি পায়।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিচালন ব্যয় কমিয়ে এবং বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিকে একটি টেকসই প্রবৃদ্ধির পথে নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি এমনভাবে গড়ে তোলা হবে যাতে তা জনগণের স্বার্থ সংরক্ষণ করে এবং “ট্রিলিয়ন ডলার ইকোনমি” লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যায়।
রিপোর্টার্স২৪/ঝুম