ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বিদেশি নাগরিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (৩ জুন) সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ভবনের বেসমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দিল্লি ফায়ার সার্ভিসের বরাতে এনডিটিভি জানায়, ঘটনার খবর পেয়ে দ্রুত একাধিক ইউনিট—দুটি ফায়ার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার এবং একটি কুইক-রেসপন্স যানসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুন লাগার সময় ভবনের ভেতরে প্রায় ৪০ জন মানুষ অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন, তবে দগ্ধ হয়ে অন্তত ২১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত ২৫ কক্ষবিশিষ্ট “মিকাসা ইন” নামের ওই হোটেলে আগুন লাগার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন, ফলে দ্রুত ছড়িয়ে পড়া আগুন থেকে অনেকেই বের হতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত কয়েকজন অতিথি প্রাণ বাঁচাতে জানালা ও বারান্দা থেকে নিচে লাফানোর চেষ্টা করছেন।
আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ ও দমকল বিভাগ। উদ্ধার অভিযান শেষে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা এবং হতাহতের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে আহতদের চিকিৎসায় স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি সেবা চালু করা হয়েছে এবং সরকারি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
রিপোর্টার্স২৪/ঝুম