সিনিয়র রিপোর্টার: রাজধানীর মিরপুরে ফ্ল্যাটে বৃদ্ধা মায়ের লাশে পচনের ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, তা খতিয়ে দেখছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সাংবাদিকদের এ কথা জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে হিসেবে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, তাকে তো ফোনে কাল রাতে পাইনি। এখন তার সঙ্গে কথা বলে আগে নিশ্চিত হতে হবে যে বিষয়টি তার মাকে কেন্দ্র করেই কি না। আমরা সেটা দেখছি।
পরবর্তীতে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়টি দেখবো। একটা আইন আছে, যেখানে বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিধান রয়েছে। সেটি কার্যকর থাকলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।
তিনি আরও বলেন, আমি এরইমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি দেখতে বলেছি। প্রয়োজনীয় তথ্য বের করে আমরা দেখছি।
আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। আইন অনুযায়ী যা করণীয়, সেটাই করা হবে।
উল্লেখ্য, গত রোববার মিরপুর-১১ এলাকায় নিজ ফ্ল্যাট থেকে বৃদ্ধা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
পুলিশ জানায়, মৃত বৃদ্ধার ৩ ছেলের একজন যুগ্ম-সচিব, একজন বুয়েট শিক্ষক ও আরেকজন কানাডায় বসবাস করছেন।
যুগ্ম-সচিব আনিসুর রহমান এখন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিপোর্টার্স/এসএন