রিপোর্টার্স২৪ ডেস্ক: সারাদেশে চলমান তাপপ্রবাহ আরও অন্তত ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।
তিনি বলেন, জুন মাসজুড়ে দেশের ওপর দিয়ে আরও ২ থেকে ৩টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে কম থাকবে। তবে মাসের দ্বিতীয় সপ্তাহে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবারও তাপপ্রবাহ ফিরে আসতে পারে বলে পূর্বাভাস দেন তিনি।
বর্তমানে দেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ বিরাজ করছে। উচ্চ আর্দ্রতার কারণে গরমের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে, ফলে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।
এদিকে একই দিনে ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
চলমান এই তীব্র গরমে জনসাধারণকে সতর্ক থাকার এবং পর্যাপ্ত পানি পানসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
রিপোর্টার্স২৪/ঝুম