| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিরোধে জোর: ডিএসসিসি প্রশাসক

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ১২:২৩:০৪:অপরাহ্ন  |  ৫৬৩ বার পঠিত
ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিরোধে জোর: ডিএসসিসি প্রশাসক

রিপোর্টার্স২৪ ডেস্ক: ডেঙ্গুর প্রভাব ভয়াবহ আকার ধারণ করার আগেই তা প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশন নয়, নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রশাসক আবদুস সালাম জানান, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে পরিচালিত জরিপে ২৮টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

তিনি বলেন, “ডেঙ্গু নির্মূলে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ, আর বাকি ৫০ শতাংশ দায়িত্ব সিটি করপোরেশনের। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারও এ বিষয়ে আগে থেকেই সতর্ক করেছে। দুই মাস আগেই প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে বৈঠকে ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিলেন। সে অনুযায়ী এখন থেকেই প্রস্তুতি জোরদার করা হচ্ছে।”

নগরীর পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, নাগরিকদের অসচেতন আচরণের কারণেই অনেক সময় বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হয়। “সন্ধ্যা সাত-আটটার পর শহরের বিভিন্ন এলাকায় বের হলে কোথাও আবর্জনা চোখে পড়বে না। কিন্তু রাত ১০টার দিকে বের হলে দেখা যাবে অনেক সড়কে আবারও ময়লা জমেছে। মানুষ সারাক্ষণ বর্জ্য ফেললে সিটি করপোরেশনের পক্ষে ২৪ ঘণ্টা তা অপসারণ করা সম্ভব নয়,” বলেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪