| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ আগস্ট জুলাই আন্দোলনকারীদের সংবর্ধনা দেবে সরকার

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ২২:৪৭:৩১:অপরাহ্ন  |  ১২৪ বার পঠিত
৫ আগস্ট জুলাই আন্দোলনকারীদের সংবর্ধনা দেবে সরকার

স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদ্‌যাপন করবে সরকার। দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহত জুলাই আন্দোলনকারীদের সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি সরকারি ভবনে আলোকসজ্জা, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনী, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি চূড়ান্ত করা হয়। সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট বেলা ১১টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয়ভাবে জুলাই আন্দোলনকারীদের সংবর্ধনা দেওয়া হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করবে। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায় জুলাই আন্দোলনকারীদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের প্রধান সড়ক, সরকারি ভবন এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হবে। প্রতিটি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর আগে স্মৃতিস্তম্ভ পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং আশপাশের সড়ক সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছে।

৫ আগস্ট দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন মিলনায়তন ও উন্মুক্ত স্থানে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া সরকারি হাসপাতালগুলোতেও বিশেষ আলোচনা ও প্রদর্শনীর আয়োজন থাকবে।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিজয়ীদের পুরস্কৃত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

দিবসটি উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

দিনটিকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি গণমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও প্রামাণ্যচিত্র প্রকাশ ও প্রচার করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিবসটি ঘিরে বিভিন্ন প্রচারণা চালানো হবে।

বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও সুবিধাজনক সময়ে আলোচনা সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালি এবং ফেস্টুন প্রদর্শনের আয়োজন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তমন্ত্রণালয় সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত করার আন্দোলন। দীর্ঘ ১৬ বছরের গুম, খুন, মিথ্যা মামলা ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার ত্যাগ এবং ক্ষোভের ফসল এই অভ্যুত্থান। এ আন্দোলনের মাধ্যমে অর্জিত চেতনা ও উদ্দেশ্য বাস্তবায়ন করাই এখন আমাদের প্রধান কাজ এবং প্রধান চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, ঐতিহাসিক এই গণঅভ্যুত্থানের চেতনা রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে এবং সাধারণ মানুষের কাছে এর তাৎপর্য তুলে ধরতেই সরকার ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন,“মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে আমাদের বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করতে হবে। যাদের রক্ত ও সীমাহীন ত্যাগের বিনিময়ে আমরা দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পেয়েছি, তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে হবে।”

জুলাই গণঅভ্যুত্থান দিবসের জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে দুটি কমিটি এবং দুটি উপকমিটি গঠন করা হয়েছে। আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, সব কর্মসূচি নির্ধারিত সময়ে এবং সমন্বিতভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪