| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জরিমানা নয়, সচেতনতায় জোর দিচ্ছে উত্তরা ট্রাফিক পুলিশ

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৬ ইং | ২৩:০০:২৭:অপরাহ্ন  |  ২৬৫ বার পঠিত
জরিমানা নয়, সচেতনতায় জোর দিচ্ছে উত্তরা ট্রাফিক পুলিশ

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় জরিমানার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (৭ জুন) উত্তরা ট্রাফিক বিভাগের উদ্যোগে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে যানবাহনের চালকদের আইন মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চালকদের মধ্যে স্বতঃস্ফূর্ত সচেতনতা গড়ে তোলাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। কেবল জরিমানা নয়, বরং নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উত্তরার রাজলক্ষ্মী প্রধান সড়কে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জলিল তার সঙ্গীয় ফোর্স নিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও আরোহীদের থামিয়ে বিভিন্ন নিরাপত্তামূলক পরামর্শ দিচ্ছেন। অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক মামলা বা জরিমানা না করে তাদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

এ সময় অস্পষ্ট বা নিয়মবহির্ভূত নাম্বার প্লেটযুক্ত বিভিন্ন যানবাহনও থামানো হয়। চালকদের বিরুদ্ধে মামলা না দিয়ে স্পষ্ট নাম্বার প্লেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাম লেন দখল করে যানজট সৃষ্টি না করার বিষয়েও সচেতন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিআই জলিল বলেন, “শুধু মামলা বা জরিমানা করে চালকদের সচেতন করা সম্ভব নয়। তাদের উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত রাখা, হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানো এবং সঠিক নাম্বার প্লেট ব্যবহার নিশ্চিত করতে আমরা মৌখিকভাবে সতর্ক করছি। এতে ভবিষ্যতে আইন ভঙ্গের প্রবণতা কমবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা আশা করছি।”

এদিকে জসীমউদ্দীন সড়কেও দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্টদের একই ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। বিশেষ করে বাম লেনে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সড়কে অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে চালকদের পরামর্শ দেওয়া হয়।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মনে করছেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির এ ধরনের উদ্যোগ সড়ক দুর্ঘটনা কমাতে এবং রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪