স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ, কুড়াতলী ও কাওলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানা পুলিশ। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অপর ২৪ জনকে ডিএমপি অধ্যাদেশের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (৮ জুন) রাতে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাব আল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে শনিবার দিবাগত রাতে খিলক্ষেত থানার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা পুলিশের একাধিক টিম অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় খিলক্ষেত, নিকুঞ্জ, কুড়াতলী, কাওলা ও আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে মোট ২৯ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন খোরশেদ আলম (২৮), মো. শাহজালাল শেখ (৩৬), মো. জিসান হাওলাদার (১৯), রুবেল ওরফে আব্দুল জব্বার (৩৫) এবং নাঈম মৃধা (৪০)। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া অভিযানে আটক হওয়া বাকি ২৪ জনের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খিলক্ষেত থানার ওসি মো. সোহরাব আল হোসাইন বলেন, রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন, মাদক, ছিনতাই, চুরি-ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল ও বিশেষ অভিযান জোরদার করার ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
রিপোর্টার্স২৪/বাবি