আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় প্রধান বাধা হিসেবে ওয়াশিংটনের পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী অবস্থানকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
রোববার (৭ জুন) তেহরানে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার সবচেয়ে বড় সমস্যা হলো তাদের অবস্থান বারবার পরিবর্তন, লক্ষ্য বদল এবং বিভিন্ন কর্মকর্তার পরস্পরবিরোধী বক্তব্য। এতে পুরো আলোচনাপ্রক্রিয়া অত্যন্ত জটিল ও কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইরানের অধিকার যুক্তরাষ্ট্রকে স্বীকার করতে হবে।
বাঘেই আরও বলেন, ওয়াশিংটন একদিকে ইরানের অবরুদ্ধ সম্পদের প্রসঙ্গ তুললেও অন্যদিকে তেহরানকে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিষেধাজ্ঞা নীতি বন্ধ করতে হবে। একই সঙ্গে ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করে তা ইরানি জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে।
এ সময় এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র সম্মান করছে না বলেও অভিযোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। তার দাবি, হরমুজ প্রণালি ও আন্তর্জাতিক জলসীমায় ইরানের বাণিজ্যিক জাহাজের ওপর হামলা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে ইরানের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে তারা প্রস্তুত রয়েছে। পাশাপাশি শনিবার রাতে নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা আরও দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রিপোর্টার্স২৪/বাবি