আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের অদূরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের কিছু আগে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
শক্তিশালী এই ভূমিকম্পের পর ফিলিপাইনসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তথ্যমতে, ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে।
এ ছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় এলাকায় ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
মার্কিন ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলগুলোর জন্য কোনো ধরনের সুনামি ঝুঁকি নেই।
ইতোমধ্যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করেছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, সারানগানি, ডাভাও অক্সিডেন্টাল, তাউই-তাউই এবং সুলুসহ নয়টি প্রদেশের উপকূলীয় এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে অথবা স্থলভাগের আরও ভেতরের দিকে সরে যেতে হবে।
নৌযানগুলোর জন্য জারি করা বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, বন্দর, মোহনা ও অগভীর উপকূলীয় এলাকায় থাকা নৌকাগুলোকে দ্রুত গভীর সমুদ্রে সরিয়ে নিতে হবে। একই সঙ্গে সমুদ্রে অবস্থানরত জাহাজ ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।