| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১১:০৫:৩৪:পূর্বাহ্ন  |  ১৪২ বার পঠিত
বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্ববাজারে টানা চাপের মুখে আরও কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) সকাল ৯টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩১৩.১১ ডলারে নেমে এসেছে। এর আগে শুক্রবার স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে গত ২৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

এদিকে, আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৩৬.৩০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওয়ান্ডার (ওয়ান্ডা)-এর জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগের তুলনায় আরও কঠোর অবস্থান নিতে পারে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

তিনি জানান, ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন আগের সেশনে দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর আরও বৃদ্ধি পেয়েছে। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যাচ্ছে এবং বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফার খাতে ঝুঁকছেন।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরাইল সোমবার দাবি করেছে, তারা পশ্চিম ও মধ্য ইরানে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানোর পরও এই অভিযান পরিচালিত হয়েছে।

এই ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। ফলে বৈশ্বিক মূল্যস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কা আরও তীব্র হয়েছে।

বিশ্লেষকদের মতে, স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও উচ্চ সুদের হার স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণেই সাম্প্রতিক সময়ে স্বর্ণের বাজারে বিক্রির চাপ বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ফেড সুদের হার বাড়াতে পারে। বর্তমানে ডিসেম্বরের মধ্যে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৭২ শতাংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

ফেড কর্মকর্তাদের একজন বেথ হাম্যাক বলেন, সর্বশেষ কর্মসংস্থান তথ্য থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার প্রায় পূর্ণ কর্মসংস্থানের অবস্থায় রয়েছে। তবে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে থাকায় তা নিয়ন্ত্রণে আনতে শিগগিরই সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৭.৫৬ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ১,৭৬৭.১৫ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১,২২৫.৬৬ ডলারে অবস্থান করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪