রিপোর্টার্স২৪ ডেস্ক: তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ দুপুরের মধ্যেই ঢাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য প্রকাশিত সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ দিনভর আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ সময়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা আবহাওয়াকে কিছুটা সহনীয় করে তুলতে পারে।
অন্যদিকে, দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার (পাঁচ দিনের) পূর্বাভাসেও বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের দু-একটি স্থানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে বৃষ্টিপাতের এই প্রবণতার মধ্যেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্ষা মৌসুমের প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
রিপোর্টার্স২৪/ঝুম