| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ অপেক্ষমান

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ১২:২৬:১০:অপরাহ্ন  |  ১৯২ বার পঠিত
ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ অপেক্ষমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: হাম ও রুবেলার টিকা আমদানিতে গাফিলতির মাধ্যমে দেশে টিকা সংকট সৃষ্টি, শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং মহামারি পরিস্থিতির জন্ম দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটির ওপর শুনানি শেষে আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলার আবেদন করেন।

শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা আদালতে মামলার আবেদন করেছি। আদালত আবেদন গ্রহণ করেছেন এবং এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।”

মামলার আবেদনে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে।

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী শেখ মজিবুর রহমান ইকবাল। তিনি দাবি করেন, বিগত সরকার বর্তমান সরকারকে বিপদে ফেলতে এমন পরিস্থিতি সৃষ্টি করে গেছে। টিকার অভাবে দেশে বহু শিশু মারা গেছে। আমার এলাকাতেও কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমি আদালতে এই মামলার আবেদন করেছি।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশে শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে জন্মের পর নিয়মিতভাবে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন সরকারের সময়ে ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানির প্রচলিত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও দীর্ঘ প্রায় দেড় বছর সময়ক্ষেপণের কারণে দেশে টিকার তীব্র সংকট সৃষ্টি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স গত ২০ মে গণমাধ্যমে জানান, সম্ভাব্য টিকা সংকটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। এমনকি টিকা সরবরাহ ব্যবস্থা ব্যাহত না করতে আমদানি প্রক্রিয়া অব্যাহত রাখারও অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা সেই সতর্কবার্তা উপেক্ষা করেছেন বলে মামলায় দাবি করা হয়েছে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, টিকা সংকটের কারণে দেশে হামের প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করে। সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৭০৮ জন শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

এছাড়া টিকার অভাবে সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৬১০ জন শিশুর মৃত্যু হয়েছে এবং প্রায় ৭৫ হাজার ৭০০ শিশু বিভিন্নভাবে স্বাস্থ্যগত ক্ষতির শিকার হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনে কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের মীরসরাইয়ের আবদুল্লাহ আল ফাহিম, আবদুল্লাহ আল নোমান এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফাইয়াজ হাসান তাজিমের নাম উল্লেখ করা হয়েছে।

বাদী আরও উল্লেখ করেন, অভিযুক্তরা প্রভাবশালী ও ভিআইপি ব্যক্তি হওয়ায় বনানী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে তিনি আদালতে এ মামলা দায়েরের আবেদন করেন।

মামলার আবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, জেলহাজতে প্রেরণ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।

এখন মামলাটি গ্রহণের বিষয়ে আদালতের পরবর্তী আদেশের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪