রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। আদালতের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকছে না বলে জানা গেছে।
সোমবার (৮ জুন) আপিল বিভাগ তার জামিন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত তাকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, জামিন পাওয়ার পরও কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে তাকে।
উল্লেখ্য, অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে মামলা করা হয়। এ ঘটনায় গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
পরবর্তীতে একই বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।
এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান থাকলেও আপিল বিভাগের সাম্প্রতিক এই আদেশে তিনি জামিনে মুক্তির সুযোগ পেলেন।
রিপোর্টার্স২৪/ঝুম