| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৬ ইং | ১৫:০৪:০৬:অপরাহ্ন  |  ৫৯৮ বার পঠিত
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে এ দায়িত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যাংকটির সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের সুরক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাহরিয়ার সিদ্দিকী বলেন, পর্যবেক্ষক হিসেবে মো. আশরাফুল আলম পরিচালনা পর্ষদের সভাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংকে উপস্থাপন করবেন।তিনি আশা প্রকাশ করেন, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের ফলে ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে শরিয়াহভিত্তিক এ ব্যাংকটিতে একজন পর্যবেক্ষক নিয়োগ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।গত ২৪ মে ঈদুল আজহার ছুটির আগে বাংলাদেশ ব্যাংক সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এর পর থেকেই ব্যাংকটিতে অস্থিরতা দেখা দেয়।

সূত্র জানায়, গত ১ জুন থেকে শুরু হওয়া এ পরিস্থিতির কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেকে ব্যাংক থেকে আমানত তুলে নিচ্ছেন। চলতি মাসের ১ থেকে ৭ জুন পর্যন্ত সময়ে ব্যাংকটি থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আমানত উত্তোলন করা হয়েছে।

এদিকে, আমানত উত্তোলনের বাড়তি চাপ সামাল দিতে গত সোমবার বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪