| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রের সংকটের সমাধান হয়নি বলেই বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ১২:৫৫:৪৮:অপরাহ্ন  |  ৩৯০ বার পঠিত
গণতন্ত্রের সংকটের সমাধান হয়নি বলেই বারবার ফ্যাসিবাদের উত্থান: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে গণতন্ত্রের সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বারবার ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, ফ্যাসিবাদী শাসনের কঠোর গ্রাসে দেশের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সেই সংকটের যথাযথ সুরাহা না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয়। প্রতিটি দেশের রাষ্ট্রীয় কাঠামো, রাজনৈতিক বাস্তবতা ও নিজস্ব পরিস্থিতি অনুযায়ী গণতন্ত্রের ধরনও ভিন্ন হয়ে থাকে। তাই কোনো দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অন্য দেশের সঙ্গে সরাসরি তুলনা করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রাখার পেছনে নব্বইয়ের স্বৈরাচারদের ভূমিকা ছিল। অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও গণতন্ত্রের সংকটের বিষয়গুলো উল্লেখ করে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় জাসদের রাজনৈতিক ইতিহাস নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস রয়েছে।

শহীদ ডা. মিলনের কবর জিয়ারতের সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় শহীদ মিলনের মা তাঁর সন্তানের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ ডা. মিলনের অবদান যথাযথভাবে মূল্যায়নের প্রত্যাশাও তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলনের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রতিবছর নানা কর্মসূচি পালন করে থাকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪