| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬০টি নিত্যপণ্যে কর কমানোর প্রস্তাব, স্বস্তির আশা ভোক্তাদের

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৯:৫৫:০৮:অপরাহ্ন  |  ৩১৭ বার পঠিত
৬০টি নিত্যপণ্যে কর কমানোর প্রস্তাব, স্বস্তির আশা ভোক্তাদের
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে দেশীয় তৈলবীজ থেকে ভোজ্যতেল উৎপাদনকে উৎসাহিত করতে ১০ বছরের কর-সুবিধার প্রস্তাবও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাজারে স্বস্তি ফেরাতে সরকার জনমুখী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের ওপর উৎসে কর কমিয়ে ০ দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

বর্তমানে এসব পণ্যের ওপর ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ হারে উৎসে কর আরোপিত রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা লাঘব এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং মূল্যস্থিতি বজায় রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে সরকার।

এদিকে, ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদনকারী শিল্পের জন্য বিশেষ কর-সুবিধার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এ খাতে বিনিয়োগকারীরা প্রথম পাঁচ বছর শতভাগ কর অব্যাহতি পাবেন। পরবর্তী তিন বছর ৫০ শতাংশ এবং শেষ দুই বছর ২৫ শতাংশ কর অব্যাহতির সুবিধা ভোগ করতে পারবেন।

সরকারের আশা, এ পদক্ষেপের মাধ্যমে দেশে ভোজ্যতেল উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষকরা তৈলবীজ চাষে আরও উৎসাহিত হবেন এবং দীর্ঘমেয়াদে ভোজ্যতেলের বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪