| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষায় বড় সংস্কার, বাধ্যতামূলক হতে পারে তৃতীয় ভাষা

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৬ ইং | ০৪:২৭:২০:পূর্বাহ্ন  |  ৩৫১৩ বার পঠিত
শিক্ষায় বড় সংস্কার, বাধ্যতামূলক হতে পারে তৃতীয় ভাষা

স্পোর্টস ডেস্ক: নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজার ও প্রতিযোগিতামূলক বিশ্বে উপযোগী করে গড়ে তুলতে দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ বা জার্মান—যেকোনো একটি তৃতীয় ভাষা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রম ঢেলে সাজানো হচ্ছে। নতুন কারিকুলামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা পদ্ধতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দক্ষতাভিত্তিক অর্থনীতি গঠনের লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।

নতুন পরিকল্পনার অংশ হিসেবে ভাষা শিক্ষায় উৎসাহিত শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ঋণ সুবিধার প্রস্তাব করা হয়েছে। তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট দেশে উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ পেতে পারবে।

এ ছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ বিনামূল্যে সরবরাহ এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত প্রযুক্তি ও শিক্ষাসামগ্রী নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী।

প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্প্রসারণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ‘মিড-ডে মিল’ কর্মসূচি পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন শিক্ষা কাঠামোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা অনুযায়ী কারিগর, প্রযুক্তিবিদ, কৃষি উদ্যোক্তা বা গবেষক হিসেবে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হতে পারবে। নারীদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪