স্টাফ রিপোর্টার: রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশের (৫০) মাথায় দুটি গুলি করে দুর্বৃত্তরা। গুলির আঘাতে তাঁর মস্তিষ্কের অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১২ জুন) জুমার নামাজ শেষে বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুব কাছ থেকে পলাশকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। দুই রাউন্ড গুলিই তাঁর মাথায় লাগে। হামলার পর পলাশের সহযোগীরা ধাওয়া দিলে হামলাকারীরা আরও দুই রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম রামপুরার টিভি সেন্টারের বিপরীতে খান টাওয়ারের সপ্তম তলায় বসবাস করতেন পলাশ। পাশের মক্কী জামে মসজিদে মিলাদে অংশ নিয়ে জুমার নামাজ শেষে তিনি বাসার সামনে পরিচিতজনদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হেলমেট ও মাস্ক পরা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
পলাশের বাড়ির নিরাপত্তাকর্মী ইব্রাহিম মিয়া বলেন, দুই যুবক তাঁর মাথায় গুলি করে দ্রুত মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। পরে তাদের ধাওয়া করা হলে আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা সরে পড়ে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ট্রেইনি চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, অস্ত্রোপচারের সময় তাঁর মাথার ভেতর থেকে এক রাউন্ড গুলি বের করা হয়েছে। অপর গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। গুলির আঘাতে তাঁর ব্রেইনের প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাঁকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব