| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডব্লিউবিজি ইয়ুথ সামিটে বাংলাদেশের প্রতিনিধি তিশা ও তৌফিক

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ০৪:৩৭:৩৬:পূর্বাহ্ন  |  ৭০১৯ বার পঠিত
ডব্লিউবিজি ইয়ুথ সামিটে বাংলাদেশের প্রতিনিধি তিশা ও তৌফিক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সদরদপ্তরে শুরু হয়েছে ১৩তম ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ (ডব্লিউবিজি) ইয়ুথ সামিট-২০২৬। আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তরুণ চেঞ্জমেকার তিশা খন্দকার ও মো. তৌফিক এলাহী।

বিশ্বনেতা, নীতিনির্ধারক এবং তরুণ উদ্ভাবকদের সঙ্গে বৈশ্বিক কর্মসংস্থান ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন তারা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুই দিনব্যাপী সামিটের উদ্বোধন করেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

পরে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ উদীয়মান অর্থনীতিগুলোতে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

সামিটের প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘বিয়ন্ড দ্য পিচ ডেক: বোথ সাইডস অব দ্য ফান্ডিং টেবিল’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা। এতে তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সংগ্রহের অভিজ্ঞতা এবং বিনিয়োগকারীরা কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তা নিয়ে আলোচনা হয়।

এ আলোচনায় বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোক্তা ইকোসিস্টেমের সম্ভাবনার কথা তুলে ধরেন টাইগার নিউ এনার্জির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোল মাও। তিনি বলেন, বাংলাদেশ দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় বাজার হিসেবে আত্মপ্রকাশ করছে।

নিকোল মাও বলেন, বাংলাদেশ এখন শুধু একটি স্থিতিশীল বাজার নয়; এটি প্রযুক্তি গ্রহণ ও স্কেলযোগ্য উদ্ভাবনের একটি শক্তিশালী কেন্দ্র। উন্নয়নমূলক প্রভাবের পাশাপাশি বাণিজ্যিক সম্ভাবনা খুঁজছেন এমন বিনিয়োগকারীদের বাংলাদেশের যুব-নেতৃত্বাধীন ইকোসিস্টেমের দিকে নজর দেওয়া উচিত।

তার এ মন্তব্য বাংলাদেশের উদ্ভাবন ও উদ্যোক্তা সম্ভাবনার আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও জোরালো করেছে।

সামিটের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ইনোভেশন ল্যাব, যেখানে বাংলাদেশের দুই প্রতিনিধি তাদের সমাধানভিত্তিক প্রস্তাব আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সামনে উপস্থাপন করবেন।

তিশা খন্দকার ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ক্যাটাগরিতে ‘অ্যাকসেস টু ফাইন্যান্স’ বিষয়ে এআইভিত্তিক সমাধান ‘এগ্রিক্রেডিট’ উপস্থাপন করবেন। তার প্রস্তাব উন্নয়নশীল দেশের তরুণ উদ্যোক্তাদের প্রাথমিক অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করে।

অন্যদিকে, মো. তৌফিক এলাহী ‘এডুকেশন অ্যান্ড স্কিলস’ ক্যাটাগরিতে ‘ফ্রম স্কিলস টু জবস: টিভিইটি ট্রানজিশনস’ শীর্ষক এআইভিত্তিক একটি কৌশলগত রোডম্যাপ উপস্থাপন করবেন। তার প্রস্তাবের লক্ষ্য শিক্ষাগত ও দক্ষতার ঘাটতি কমিয়ে তরুণদের শিক্ষা থেকে কর্মসংস্থানে সফলভাবে যুক্ত করা।

বিশ্বব্যাপী আগামী এক দশকে উদীয়মান অর্থনীতিগুলোতে ১ দশমিক ২ বিলিয়নের বেশি তরুণ শ্রমবাজারে প্রবেশ করবে। এমন বাস্তবতায় তিশা খন্দকার ও মো. তৌফিক এলাহীর অংশগ্রহণ প্রমাণ করে, বাংলাদেশি তরুণরা শুধু বৈশ্বিক পরিবর্তনের দর্শক নয়, বরং ভবিষ্যতের কর্মসংস্থানের রূপরেখা তৈরির সক্রিয় অংশীদার।

২০১৩ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের জন্য একটি অন্যতম বৈশ্বিক প্ল্যাটফর্ম। এবারের সামিটের প্রতিপাদ্য ‘ফিউচার ওয়ার্কস: ডিজাইনিং জবস ফর দ্য ডিজিটাল এইজ’। এতে কর্মসংস্থান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং সবুজ উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪