| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজার সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ০৩:৩২:৪১:পূর্বাহ্ন  |  ৫৮৩২ বার পঠিত
কক্সবাজার সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিমানটি রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে রাত ১১টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মেরিন ড্রাইভ সড়কে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করেন প্রধানমন্ত্রী। চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেওয়ার পর কক্সবাজার শহরের একটি হোটেলে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

শনিবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছালে বিমানবন্দরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সফরের শুরুতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে স্থানীয় জনগণের উদ্দেশে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।

পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে বিএনপির ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন এবং নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

এরপর পেকুয়া উপজেলায় গিয়ে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন।

পেকুয়া সফরে প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এছাড়া মাতামুহুরি উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজার জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪